আমাকে গুলি করুন জেলে পাঠাবেন না

 
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে উদ্দেশ্য করে বলেছেন, আমাকে গুলি করুন, তবে জেলে পাঠাবেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে দুতের্তে এ কথা বলেন। আদালতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। খবর রয়টার্সের
 
মাদকবিরোধী অভিযানে প্রেসিডেন্ট দুতের্তে মানবাধিকার লঙ্ঘন করেছেন কিনা তা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে দুতের্তে বলেন, আমি যদি অপরাধী হই তবে জেলে যাওয়ার চেয়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যাকেই পছন্দ করি। আমাকে সেটাই করবেন।
 
আইসিসি প্রসিকিউটর ফাতাউ বেনসৌডাকে প্রেসিডেন্ট দুতের্তে বলেন, আসুন আমরা একসঙ্গে একটি কক্ষে বসে আলোচনা করি। আপনি যদি আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন তাহলে আমি তা স্বাগত জানাবো। আর সেই দেশ খুঁজুন যেখানে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকর করা হয়।
IMG0
উল্লেখ্য, পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজারের মতো মানুষ মারা গেছে। এই অভিযানের সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট দুতের্তে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই অভিযানে নিরপরাধ মানুষ মারা যেতে পারে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ