ভারতের বিপক্ষে শেষ তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। এবার কি ভাগ্য ফিরবে দক্ষিণ আফ্রিকার? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ। কারণ, আজ মাঠে গড়াবে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
আঙুলের ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি ওয়ানডেতে দ্রুত সেঞ্চুরির মালিক ডি ভিলিয়ার্স। তাই ডি ভিলিয়ার্সকে নিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়ে সিরিজে প্রথম জয় পেতে মরিয়া দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি। তিনি বলেন, ‘আমরা তিন ম্যাচেই খারাপ খেলেছি। এখানে অজুহাত দেওয়ার কোনো অবকাশ নেই। তবে ডি ভিলিয়ার্সকে পেয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। আমরা বলছি না, ডি ভিলিয়ার্স একাই ম্যাচ জিতিয়ে দিবে। তাকে দলে পাওয়ায় আমাদের মনোবল চাঙ্গা হয়েছে। আশা করছি, চতুর্থ ম্যাচে আমরা জিততে পারবো এবং সিরিজে টিকে থাকবো।’
সর্বশেষ ম্যাচে কোহলির সেঞ্চুরির পর চাহাল-কুলদীপের স্পিন বিষ ভারতকে ১২৪ রানের জয়ের স্বাদ দেয়। টানা তিন জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ভারত। চতুর্থ ওয়ানডে জিতলেই সিরিজ পকেটে ভরে নেবে সফরকারীরা। তাই চতুর্থ ম্যাচে জিততে চাইছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।
চতুর্থ ম্যাচের আগে তিনি বলেন, ‘জয়ের ধারায় থাকতে পারাটা অনেক বড় কিছু। আমরা তাই করেছি। টানা তিন ম্যাচেই জিততে পেরেছি। আমাদের লক্ষ্য জয়ের ধারাটা ধরে রাখা এবং সিরিজ জয় নিশ্চিত করা। আগেভাগে সিরিজ জিততে পারলে আমাদের জন্যই ভালো হবে। সতীর্থরা নিজেদের সেরাটা দিয়ে কালই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। দলের সকলের বিশ্বাস আছে, আমরা কালই সিরিজ জয় নিশ্চিত করতে পারবো।’
ভারতের কোহলির ব্যাটিং ও বোলারদের দারুণ পারফরম্যান্সের সামনে প্রথম তিন ম্যাচে অসহায় ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে আত্মবিশ্বাসেও চুপসে গেছে প্রোটিয়ারা। তবে আত্মবিশ্বাস ফিরে পাবার মত রসদ পেয়েছে স্বাগতিকরা। মূল যুদ্ধে সেই রসদ কতটা কাজে লাগে, এবার সেটাই দেখার বিষয়। যদি ভারত কোনোক্রমে আজও জিতে যায় তাহলে দুই ম্যাচ হাতে রেখেই ৪-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে বিরাট কোহলির দল। সেক্ষেত্রে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর একে দারুণ এক প্রত্যাবর্তনই বলা যাবে।
ইত্তেফাক/কেআই