ফরিদপুরের মধুখালী উপজেলায় নওপাড়া ইউনিয়নের এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিনটি ইটভাটা মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন। নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা-খোকসাহাট সড়কে এ অভিযান পরিচালনা করেন। ইট ভাটা তিনটি হল আশরাফ অ্যান্ড কোং, জেড অ্যান্ড কে ব্রিকস এবং এম রহমান ব্রিকস। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উক্ত এলাকায় অভিযান চালানোর সময় ছয়টি ট্রাক মাটি পরিবহনরত অবস্থায় স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রাকগুলোকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, 'সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে জনদুর্ভোগ তৈরি কিংবা জনসাধারণের চলাচল ব্যাহত করে এমন যে কোন ধরণের কর্মকাণ্ড বে-আইনি। আমরা সকলের সহযোগিতায় মধুখালী উপজেলার রাস্তাঘাট নিরাপদ রাখতে চাই।' জনস্বার্থে এ ধরণের আরো অভিযান অচিরেই পরিচালনা করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস