পুঠিয়ায় মাছের ট্রাক থেকে শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় মাছবাহী ট্রাক থেকে কামরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুরহাট নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত কামরুল ইসলাম দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের আক্কাস আলীর ছেলে।
 
জানা গেছে, দুর্গাপুর থেকে তাজা মাছ নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। নিহত ওই ব্যক্তি মাছের ট্রাকের পানি সঞ্চালকের কাজ করতেন। পথিমধ্যে শিবপুরহাট বাজার এলাকায় আসার পর ট্রাক চালক দেখতে পান ওই ব্যক্তি ট্রাকের উপরে নেই। তখন চালক ট্রাক থামিয়ে দেখতে পান তার লাশ পানিতে ভেসে আছে। এরপর স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
 
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্তের জন্য ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস