ইত্তেফাক ডেস্ক
সুইডিশ কর্তৃপক্ষ প্রত্যার্পণের অনুরোধ করলে জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে ফেরত পাঠানো উচিত বলে মনে করেন ৭০ জন ব্রিটিশ এমপি। এ ব্যাপারে অনুরোধ জানিয়ে ওই এমপিরা গতকাল শনিবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। ব্রিটিশ সরকার অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে এই অনুরোধ জানানো হলো। খবর বিবিসি’র
সাত বছর ইকুয়েডর দূতাবাসে কাটানোর পর উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। তিনি এখন যুক্তরাজ্যের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির তদন্ত পুনরায় শুরু হবে কিনা সুইডেন তা বিবেচনা করছে। অপরদিকে ২০১০ সালে মার্কিন সরকারের গোপনীয় নথি ফাঁসের সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রও তার প্রত্যার্পণ চাইছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে চিঠি দেওয়া ৭০ এমপির অধিকাংশই লেবার পার্টির। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে যৌন সহিংসতার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং উইকিলিকসের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি যাতে যথাযথভাবে তদন্ত করা হয় তা নিশ্চিতের আহবান জানান। এর আগে শুক্রবার যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবোট ব্রিটিশ সরকারের প্রতি অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ না করার আহবান জানান। টুইটার বার্তায় করবিন বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যে নৃশংসতা চালিয়েছে তার প্রমাণ ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের প্রত্যার্পণ চাওয়া হচ্ছে। ব্রিটিশ সরকারের উচিত এর বিরোধিতা করা। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এখন পর্যন্ত অ্যাসাঞ্জের প্রত্যার্পণ নিয়ে কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি অ্যাসাঞ্জের গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছিলেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাসাঞ্জকে প্রত্যার্পণের অনুরোধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মামলার ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন।