‘মৈত্রী’র ধাক্কায় পিকআপ উল্টে তিনজন নিহত

৬ জেলায় আরো সাত

ইত্তেফাক ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা-কলকাতা রুটে চলা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নেত্রকোনায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আনসার ভিডিপির এক কর্মকর্তা নিহত হয়েছেন। রংপুরে ট্রাকচাপায় ডিবি পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এছাড়া রাজবাড়ী, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে তিনজন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, কামারখন্দে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে পিকআপ চালক সূর্য মিয়া (৩৫), পাকুড়িয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার (৩৬)। এ দুর্ঘটনায় দুটি গরু মারা গেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম জানান, কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সুজনসহ কয়েক ব্যাপারি। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। চালক সূর্য ও দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত তিন ব্যাপারিকে উদ্ধার করে কামারখন্দ হাসপাতালে পাঠানো হলে দুইজন মারা যান।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন।  ছাত্র নিহতের ঘটনায় জনতা দুইটি বালুবাহী মিনি ট্রাক পুড়িয়ে দিয়েছে। শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাকের চাপায় অনিক (৮ ) নামের ঐ স্কুলছাত্র নিহত হয়। অন্যদিকে খড়িখালি দাসপাড়া নামকস্থানে সবজি বোঝাই পিকআপ উল্টে আনিসুর রহমান নামের একজন নিহত হন। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার মদন-খালিয়াজুরী সড়কের কদমতলী বাজারের কাছে গত শুক্রবার বিকালে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে খালিয়াজুরী উপজেলার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেরা আক্তার (৫০) নিহত হয়েছেন। তিনি খালিয়াজুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী। তার গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলা সদরের ভাঙ্গাহাটী গ্রামে।

স্থানীয়রা জানান, একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে স্বামী আবুল কালাম আজাদের সঙ্গে জেলা শহরে যাচ্ছিলেন জাহেরা আক্তার। তিনি মোটরসাইকেলের পেছন দিকে বসা ছিলেন। তিনি হঠাত্ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুরে ট্রাকচাপায় ডিবি পুলিশের এসআই জীতেন্দ্র (৩৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বদলীপুকুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। জীতেন্দ্র বগুড়া ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরের কাজীকান্দা হাসপাতাল সড়কে বালুর ট্রাকচাপায় সুব্রত সরকার (৩৫) নামে বাক-প্রতিবন্ধী এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল সড়কের সারের গোডাউনের গেটের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৪০), তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে। লেগুনার আরো ৫ যাত্রী আহত হন। শনিবার দুপুরে কক্সবাজার মহাসড়কে উপজেলার বরইতলীর নতুন রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় আবুল খায়ের (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের মৃত ছোবহান ফকিরের ছেলে।