তিন যুবক আটক
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এক প্রাইভেট কার চালককে হত্যার পর তার লাশ সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গত শুক্রবার রাত ১০টায় নগরীর উত্তর কাট্টলি এলাকায় লাশ গুমের চেষ্টা করতে গিয়ে তারা ধরা পড়ে। পরে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, মীর হোসেন নিশান (২১), রবিউল হোসেন ইমন (২২) ও নেওয়াজ শরীফ (২৪)। এদের মধ্যে নিশান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। নিহত কারচালক সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে নুরুল গণি শিমুল (২৪)।
নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ইত্তেফাককে বলেন, নিশানসহ চারজন সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরে আসার জন্য দেড় হাজার টাকায় প্রাইভেট কারটি ভাড়া নেয়। কারটি সীতাকুণ্ডের হাতিলোডায় আসলে চালককে শ্বাসরোধ করে হত্যা করে তারা। লাশ পিছনের সিটের নিচে রেখে নিজেরাই কারটি চালিয়ে নগরীতে প্রবেশ করে।
তিনি আরো জানান, সিটি গেইট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজের পাশে সড়ক দিয়ে লাশ সাগরে ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলেন তারা। পথে গর্তে পড়ে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের সহযোগিতা করতে এগিয়ে আসলে তারা পালিয়ে যেতে থাকেন। পরে লোকজন ধাওয়া করে দুইজনকে আটক করে। অন্যদিকে কার চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহূত একটি রশি ও ছুরি উদ্ধার করে। এই ঘটনায় নিহত নুরুল গণি শিমুলের বাবা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেছেন।