নবাবগঞ্জ উপজেলায় এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রনি মিয়া (২৬) ও সোহেল রানা (২৯) নামে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সোয়া ৯টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থীদের কাছে মোবাইলের ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার সময় তাদের আটক করা হয়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন- বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া ও বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক সোহেল রানা। সোহেল রানা ওই কেন্দ্রের ১১নম্বর কক্ষের গার্ড ছিলেন বলেও জানা গেছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, প্রশ্ন ফাঁসের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সোহেল রানা ও রনি মিয়া নামে দুই শিক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মোবাইল চেক করলে গণিত পরীক্ষার 'খ' সেটের নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরসহ প্রমাণ পেয়ে তাদের আটক করে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি