কিশোরগঞ্জে স্ত্রীসহ দুইজনকে গলাকেটে হত্যা, স্বামী আটক

 
কিশোরগঞ্জের নিকলীতে বিদেশ ফেরত এক যুবক তার স্ত্রী ও সম্বন্ধীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে। শনিবার দুপুুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গ্রামবাসী ঘাতক স্বামী শওকত আলীকে (৩৫) আটক করে পুলিশে দেয়।
 
পুলিশ জানায়, উপজেলার গুড়ই-পশ্চিম পাড়া গ্রামের মৃত ইছব আলীর ছেলে শওকত আলী ওমান প্রবাসী। আড়াই বছর আগে তিনি দেশে এসে গুড়ই-পূর্বপাড়া গ্রামের আয়েশাকে (২২) বিয়ে করে আবার ওমান চলে যান। ছুটি নিয়ে দুই-তিন আগে তিনি আবার দেশে আসেন।
 
শওকত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে ছুরি দিয়ে প্রথমে স্ত্রী আয়েশাকে গলাকেটে হত্যা করেন। পরে শ্বশুরবাড়িতে গিয়ে একই ছুরি দিয়ে তার সম্বন্ধী মোস্তফা মিয়ার স্ত্রী সালমাকে (২৭) গলাকেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ছুরিসহ তাকে আটক করে।
 
নিকলী থানার ওসি নাসিরউদ্দিন ভুঁইয়া জানান, তদন্ত না করে হত্যার কারণ বলা সম্ভব নয়। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামালউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি