ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নাজিরাবাগে হাসানবুক ডিপো ছাপাখানা ও জননী বলপেন কারাখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকেল ৫টায় এই এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরাবাগ এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশে একটি টিনসেড কারখানায় পাশাপাশি হাসানবুক ডিপো ছাপাখানা ও জননী বলপেন কারখানা অবস্থিত। ছাপাখানায় প্রচুর কাগজ ছিল । হঠাৎ ছাপাখানায় আগুন লেগে যায়। আগুন মুহুর্তের মধ্যেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে জননী বলপেন কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে বের হওয়ার সময় দুই শ্রমিক আহত হন। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ চন্দ্র বর্মন বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ছাপাখানায় কেমিক্যাল জাতীয় দায্য পদার্থ থাকতে পারে। এই জন্য আগুন কারখানাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ছাড়া কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন হাসানবুক ডিপো ও জননী বলপেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।
ইত্তেফাক/ইউবি