বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বরিশালের গৌরনদী উপজেলার প্রথম ইউএনও এম. এ. মান্নান এমপিকে আজ (শনিবার) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় সড়ক পথে বরিশাল থেকে গৌরনদী আসেন। প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি তার সাবেক কর্মস্থল গৌরনদীতে এলেন। এলাকাবাসী তাকে পেয়ে দারুন আনন্দিত হন। স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তিনি প্রথমে উপজেলা চত্বরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি ১৯৮৩ সালে গৌরনদীর ইউএনও থাকাকালে যে বাসভভনে ছিলেন সেখানে যান। ওই ভবনের আশপাশ ঘুরে দেখেন এবং ভবনের সামনে তার নিজ হাতে রোপিত আমলকি গাছের নিজে বসে ছবি তোলেন। তিনি স্মৃতিবিজড়িত ওই সময়কার তার নিজস্ব কার্যালয়ের সামনে দাড়িয়ে সবাইকে নিয়ে ছবি তোলেন। এছাড়া ইউএনওর বাসভবনের পিছনের পুকুরের ঘাটলা, মসজিদের সামনের পুকুরের ঘাটলায় বসে ছবি তোলেন প্রতিমন্ত্রী। স্ত্রীকে সাথে আনতে না পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। লন্ডন প্রবাসী পুত্র ও স্ত্রীকে দেখানোর জন্য তিনি অসংখ্য ছবি তুলে নেন।
অতঃপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আক্তার, নবাগত উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পিআইও মোঃ কবির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন।
জানা গেছে, ১৯৮৩ সালে গৌরনদীকে উপজেলায় উন্নীত করার পর তিনি অত্র উপজেলায় প্রথম ইউএনও হিসেবে যোগদান করেছিলেন। নির্বাহী কর্মকর্তার অফিসে দীর্ঘক্ষণ বসে তিনি সেদিনের স্মৃতিচারণ করেন। এ সময় গৌরনদীর সেই সময়ের তার চেনা সুধিজনদের খোঁজ খবর নেন। তবে তাদের অনেকেই আজ বেঁচে নেই জেনে তিনি দুঃখ প্রকাশ করেন।
ইত্তেফাক/নূহু