মাদকের সঙ্গে জড়িতরা দলীয় কর্মী হলেও কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন। যদি আমার দলের মধ্যেও কোনো নেতা-কর্মী মাদক ব্যবসা বা সেবনকারী থাকে তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপকর্মের জন্য প্রয়োজনে তাদের ছবি রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানার আকারে লাগিয়ে দেওয়া হবে। সর্বনাশা মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান   তিনি। তিনি বলেন, কতিপয় অসাধু ব্যক্তির কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ নষ্ট হতে দেওয়া হবে না।

গতকাল শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের শিক্ষা ও গৌরবের ২৫ বছরে রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। এ সময় তিনি নারীদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে।

 

এসময় মন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যায় কি করছে তার খোঁজ-খবর রাখুন। ছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা বাল্য বিবাহ থেকে দূরে থাকবে। বাড়ি থেকে অল্প বয়সে বিয়ে দিতে চাইলে বাবা-মাকে বুঝিয়ে বলবে। প্রয়োজনে অন্যদের সাহায্য নিবে। রজত জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. খান মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পদ্মা কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব) ডা. এ আর খান। উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন প্রমুখ।

ইত্তেফাক/নূহু