গাজীপুরের কোনাবাড়িতে পৃথক অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়িতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টায় দেউলিয়া বাড়ি এলাকায় মান্নানের ঝুটের গোডাউনে আগুন লাগে। এতে আশেপাশের আরো নয়টি ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডেল্টা ফ্যাক্টরির অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজে অংশ নেন। আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, মান্নানের ঝুটের গুদামের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে জরুন এলাকায় কেয়া কসমেটিকস লিমিটেডের তুলার গোডাউনে আগুন লাগে। এতে গুদামে রক্ষিত মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে তদন্ত ছাড়া এই মুহূর্তে ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এর মধ্যে দেউলিয়া বাড়ি এলাকায় ৬টি ইউনিট এবং জরুনে ৫টি ইউনিট কাজ করে।