‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে’

যশোর-২ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, সকল শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের ভিতরে নৈতিক শিক্ষা থাকলে কর্মজীবনে কেউ রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করবে না। 
 
রবিবার দুপুর ১২টায় যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ্ ফয়জাবাদ ফাজিল মাদরাসায় ‘মানসম্মত শিক্ষা শীর্ষক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
শিক্ষাথীদের উদ্দেশ্যে এমপি মনির বলেন, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেম না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়। তোমরা আগামী দিনের দেশ পরিচালনার কারিগর। সেই লক্ষ্যে তোমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। 
 
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের আমলে যে মাদরাসা সুপার ৫১০০ টাকা বেতন পেতেন সেই সুপারের বেতন ২৯ হাজার  টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা। ২৬ হাজার ২শ প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছেন। কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়ে ২৭ লাখ শিক্ষার্থীদের এমএ সমমান মর্যাদা দিয়েছেন। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। এ সময় এই সকল ভালো কাজের ফল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এই সংসদ সদস্য। 
IMG0
গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ। 
 
আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদরাসা গভর্নিং বডির সদস্য মাহবুবুল আলম বুলু, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, শেখ ইমরান, ছাত্রলীগ নেতা ইকরামুল হক সাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদরাসার শিক্ষক মো. আশরাফুল ইসলাম।