কুমিল্লার তিতাস উপজেলার রাস্তাঘাট ভগ্ন অবস্থায় থাকলেও তা মেরামত না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গৌরীপুর-হোমনা সড়ক থেকে কেশবপুর এবং জগত্পুর হয়ে ওমরপুর পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ এলজিইডির রাস্তাটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে। শিবপুর থেকে সাহাপুর হয়ে লালপুর বাজার পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ রাস্তাটির সড়কি এবং ইট উঠে গিয়ে স্থানে স্থানে খাদের সৃষ্টি হয়েছে। গাজীপুর বাজার থেকে জগত্পুর হয়ে ভুঁইয়ার বাজার বা মোহনপুর লঞ্চঘাট পর্যন্ত এলজিইডির ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি স্থানে স্থানে ভেঙে গেছে।
এ ব্যাপারে তিতাস উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মুহিবউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে রাস্তাগুলো ভেঙে গেছে এর মধ্যে কোনোটি মেরামতের টেন্ডার হয়েছে আবার কোনোটি টেন্ডার প্রক্রিয়ায় আছে। তিনি বলেন, এ এলাকায় বালিমাটির কারণে রাস্তা টিকিয়ে রাখা কঠিন। জমির মালিকরা মাটি দিতে চায় না বিধায় অনেক রাস্তা কাঙ্ক্ষিত উঁচু করা যায় না। রায়পুর থেকে মাছিমপুর এবং বাতাকান্দি হয়ে বাহেরচর পর্যন্ত সাড়ে ২২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির মেরামতের টেন্ডার প্রক্রিয়া চলছে বলেও এলজিইডি সূত্রে জানা যায়।
ইত্তেফাক/নূহু