ইত্তেফাক ডেস্ক
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠকে বসতে রাজি আছেন। গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিমের এ মন্তব্য ছাপা হয়েছে। খবর বিবিসি’র
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতা কিম তার ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে একটি ন্যায্য ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তি নিয়ে হাজির হওয়ার আহবান জানান। নতুন কোনো সম্মেলনের প্রস্তাবনা দিতে যুক্তরাষ্ট্রকে এ বছরের শেষ পর্যন্ত সময় দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কিম আশা প্রকাশ করেন, এর মধ্যেই ওয়াশিংটন নতুন পরিকল্পনা হাজিরের সাহসী সিদ্ধান্ত নেবে। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আরো বৈঠকের সম্ভাবনা আছে মন্তব্য করার একদিন পরই কিমের আগ্রহের কথা জানা গেল। তিনি বলেন, উভয় পক্ষ মেনে নিতে পারে এমন শর্ত ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো সম্মেলনের প্রস্তাব দেয় তাহলে আমরা তাদের আরেকটি সুযোগ দেয়ার ব্যাপারে আগ্রহী। সর্বোচ্চ চাপ দিয়ে আমাদের অধীনস্ত করা যাবে এমনটা ভেবে থাকলে যুক্তরাষ্ট্র ভুল করবে। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক মধ্যস্থতার ধরন বদলানোরও আহ্বান জানান তিনি। ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের টানাপোড়েন চললেও ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে চমত্কার বলে বর্ণনা করেছেন কিম।