রাজশাহীতে অজ্ঞাত নারীকে নিজের মা সাজিয়ে প্রায় আড়াই কোটি টাকার জমি জালিয়াতির ঘটনায় প্রকৃত মায়ের দায়েরকৃত মামলার প্রধান আসামি ছেলে মোহতাসিম বাবুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান জানান, ঢাকার উত্তরার দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় রাজশাহীর সিআইডির উপ-পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে উত্তরা এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। বাকি আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। তিনি আরো বলেন, 'এর আগে মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। চাঞ্চল্যকর মামলা হওয়ায় শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছিল।'
জানা গেছে, গত ১৭ জানুয়ারি ছেলে মোহতাসিম বাবুসহ পাঁচজনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজপাড়া আমলী আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা বেগম আখতার রহমান ওরফে আকতার সুলতানা। এদিনই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরতী খুদা অভিযোগটি আমলে নিয়ে রাজপাড়া থানার ওসিকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- রাজশাহী সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মিলন হোসেন, দলিল শনাক্তকারী মোহতাসিম বাবুর ছেলে তাসিম মাহমুদ, সাক্ষী সোহেল ও আল আমিন।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর অজ্ঞাত মহিলাকে মা সাজিয়ে রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকার ১৫ দশমিক ২৫ শতক পুরাতন বসতবাড়ি জমি নিজের নামে দলিল করে নেন মোহতাসিম বাবু। পরদিন ২৬ অক্টোবর তা রেজিস্ট্রারভুক্ত হয়। দলিলের জন্য বেগম আখতার রহমানের জাতীয় পরিচয়পত্রও নকল তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে নগরীর বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) এমএস সামিরুল ইসলামের কাছে অভিযোগ দেন আখতার রহমান। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে মোহতাসিম বাবুর নামের খারিজটি গত ১৬ জানুয়ারি বাতিল করা হয়।
ইত্তেফাক/এসএস