জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে লালমনিরহাটের আদিতমারী বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ২০ মিনিট সময় বেঁধে দেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায়।
আজ সোমবার বিকাল ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে সমাবেত হওয়ার পূর্বে তাদেরকে ২০ মিনিটের মধ্যেই সকল কর্মসূচি শেষ করার আল্টিমেটাম দেন ওসি। ওসি’র বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পূর্বেই মানববন্ধন কর্মসূচি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইবনে হাসান বাসুরী ও হাবিবুর রহমান হবি,সাংগঠনিক সম্পাদক নাদিরুল ইসলাম মানিক ও মোস্তাফিজুর রহমান,যুব দলের সভাপতি এএইচএম ইদ্রিস আলী,সাধারন সম্পাদক হাছানুল হক বান্না,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রউফ রুবেল,ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
ওসির বেঁধে দেয়া ২০ মিনিট সময়ের সত্যতা স্বীকার করেন আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।
ইত্তেফাক/এমআই