১৪ মাস পর গ্রেফতার হলেন সেই ট্রাক চালক

১৪ মাস আগে রাজধানীর মীর হাজিরবাগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন নারী পথচারী নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চালকের নাম সেকান্দার সরদার (৫০)। রবিবার রাতে শরীয়তপুরের নরিয়া থানার জোববাটা গ্রামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, ২০১৬ সালের ১৮ ডিসেম্বর রাত ১০ টার দিকে মীর হাজিরবাগের পশ্চিম ধোলাইপাড় হাইস্কুল গলিতে দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমনা বেগম (২১), ফারজানা আক্তার (১৫) ও আছিয়া বেগম (২৩) নিহত হন। ওই ঘটনায় ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ঘটনার পর নিহত সুমনা বেগমের স্বামী রাসেল হাওলাদার বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করেন। মামলাটি পুলিশ তদন্ত করে ঘাতক ট্রাকটি আটক করলেও অজ্ঞাতনামা ট্রাক চালককে গ্রেফতার অথবা শনাক্ত করা সম্ভব না হওয়ায় চূড়ান্ত রিপোর্ট দেয়। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পিবিআই মামলাটি পুনঃতদন্ত করে ট্রাক চালক সেকান্দার সরদারকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/এমআই