খুলনায় দেওয়াল ধসে বাবা নিহত, ছেলে আহত

 
খুলনায় নির্মাণাধীন তিনতলা ভবনের দেওয়াল ধসে মো. আব্দুস সোবাহান সানা (৬০) নামে এক শ্রমিক নিহত এবং তার ছেলে মো. মিলন সানা (২০) আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে নগরীর ভৈবর স্ট্যান্ড রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
সোবাহান সানা কয়রা উপজেলার গোবরা গ্রামের ওয়াজেদ সানার ছেলে। তিনি নগরীর ওয়েস্ট মেকড (জেলখানা রোড) রোডের মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ নামের একটি ইটগোলার শ্রমিক ছিলেন। আহত মিলন একই প্রতিষ্ঠানে বাবাকে সহযোগিতা করতেন। 
 
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণাধীন তিনতলা ভবনটিতে কোন ধরনের পার্শ্বনিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে সাইড ওয়াল ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
 
পুলিশ জানায়, জেলা রেজিস্ট্রি অফিস সংলগ্ন নগরীর ভৈবর স্ট্যান্ড রোড এলাকায় বড় বাজার ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মোল্লা ওরফে পান্না মোল্লার বাড়ির নির্মাণ কাজ চলছে। মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ নামক গোলা থেকে সেখানে ইট সরবরাহ করা হয়। সোমবার দুপুর ২টার দিকে শ্রমিক সোবাহান সানা ও তার ছেলে মিলন সানা ভ্যানে করে ইট নিয়ে ওই বাড়িতে পৌঁছান। তারা ইট নামানোর সময় তিনতলার সাইড ওয়াল ধসে পড়ে বাবা-ছেলে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক সোবাহানকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি