সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান 'তোমার আকাশ' ইউটিউবে মুক্ত করা হয়েছে।
গতকাল ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় 'তোমার আকাশ' গানের মিউজিক ভিডিও ইউটিউবে সুস্মিতা আনিস চ্যানেল এবং ফেসবুকে( https://www.facebook.com/shusmita.anis.music/) সুস্মিতা আনিস পেজে আপলোড করা হয়েছে।
গানটির অডিও ও মিউজিক ভিডিও রিলিজ অনুষ্ঠানে শিল্পী সুস্মিতা আনিস, কম্পোজার অদিত রহমান, গীতিকার সোহেল আরমান, মিউজিক ভিডিও'র মডেল তানজিন তিশা, মিউজিক ভিডিওর পরিচালক তানিম রহমান অংশু নিজেদের অনুভূতি-অভিজ্ঞতা আমন্ত্রিত অতিথিদের সাথে শেয়ার করেন।
সুস্মিতা আনিস বলেন, 'তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভালো লাগা নিয়ে 'তোমার আকাশ' গানটি গড়ে উঠেছে। দর্শকরা গানটি উপভোগ করলে আমাদের চেষ্টা স্বার্থক হবে। শ্রোতাদের সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা আমার সব সময় ছিল, এখনো আছে। ব্যস্ততার মধ্যে থেকেও আমি শ্রোতাদের ভালোলাগার বিষয়কে গুরুত্ব দিয়ে গান করার চেষ্টা করি।'
তিনি বলেন, 'গত বছরের ফেব্রুয়ারিতে আমার 'কেউ জানুক আর না-ই জানুক' গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করেছেন। এ জন্য আমি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, 'তোমার আকাশ' গানটিও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।'
গানটির কম্পোজার অদিত রহমান বলেন, এই গানটি তৈরি করে শ্রোতাদের সামনে আনতে আমাদের ছয় মাস সময় লেগেছে। সুস্মিতা আপা অত্যন্ত যত্ন নিয়ে গানটি করেছেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বাপ্পা মজুমদার, মানাম আহমেদ, হামিন আহমেদ, মাহদী প্রমুখ।
'তোমার আকাশ' গানটির মিউজিক ভিডিও শুটিং হয়েছিল নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিন তিশা এবং নেপালের মডেল-অভিনেতা নারায়ণ ঢাকাল ।
ডামপুসের পাহাড় ও লেকে শূটিং হওয়া গানে তিশাকে দর্শকের সামনে পর্যটকের চরিত্রে হাজির করেছেন পরিচালক তানিম রহমান অংশু।
তানজিন তিশা বলে, 'সুস্মিতা আনিসের গানটি দারুণ, এর মডেল হিসাবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। '
ইত্তেফাক/নূহু