খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ফেরারি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাকে বিএনপির অনেক নেতা মেনে নিতে পারছেন না। আপনাদের দলের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। আপনাদের দলের সিনিয়র নেতারা বিকল্প চিন্তা-ভাবনা করতে বাধ্য। আপনারা দলের গঠনতন্ত্র যে দিন সংশোধন করেছেন, সেদিন থেকে আপনাদের দলে ভাঙনের সুর আমরা শুনতে পাচ্ছি। বিএনপি ভাঙা এখন সময়ের ব্যাপার।’
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ভাষা সৈনিক গাজীউল হকের জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, আজ ১৩ ফেব্রুয়ারি ভাষা সৈনিক গাজীউল হকের ৯০তম জন্মবার্ষিকী।
কামরুল ইসলাম বলেন, ‘সরকার আপনাদের দল ভাঙবে না। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টার প্রয়োজন হবে না। আপনাদের দল ভাঙার কোনো উদ্দেশ্য নেই সরকারের। কত দিন পর বিএনপি ভাঙবে, এটা এখন দেখার বিষয়।
খাদ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মামলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মামলা চলার পর খালেদার দুর্নীতি মামলায় রায় হয়েছে। এতে সরকারের কোনো হাত নেই। রায়কে কেন্দ্র করে সন্ত্রাসের পথে হাঁটলে তার পরিণাম হবে আরো কঠিন।
ইত্তেফাক/নূহু