সিনাইয়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত

সন্ত্রাসের বিরুদ্ধে মিসরজুড়ে সামরিক অভিযানের অংশ হিসাবে সোমবার সিনাইয়ে ১২ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর তরফ থেকে এ কথা বলা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে ওইদিন বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসাবে ওইদিন সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়। এর একদিন আগে সেখানে ১৬ জঙ্গি নিহত হয়। বিবৃতিতে আরো বলা হয়,তাদের এ অভিযানে বিমান বাহিনীও রয়েছে। তারা জঙ্গিদের বিভিন্ন গোপন আস্তানায় বিমানের মাধ্যমে হামলা চালাচ্ছে। মোট ৬০টি স্থানকে টার্গেট করে এ অভিযান পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ,শত্রুদের যানবাহন, অস্ত্রের গুদাম, যোগাযোগ কেন্দ্রসহ আরো বিভিন্ন আস্তানা। তবে সেনাবাহিনীর এই অভিযানে যতজন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে সে সম্পর্কে স্বাধীনভাবে কোনো যাচাই-বাছাই সম্ভব হয়নি। গত শুক্রবার থেকে সেখানে এই অভিযান শুরু হয়। অভিযানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছে। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে দেশ থেকে জঙ্গিদের মূলোত্পাটন করা। অভিযানের মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চলীয় বদ্বীপ, নীল নদের আশপাশের এলাকা  এবং সিনাই উপদ্বীপ।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এই সশস্ত্র সন্ত্রাসীরা সেখানে ঘাঁটি গেড়ে আছে। বর্তমান সময়ে তাদের তত্পরতা আরো বেড়ে যাওয়ায় সরকার জঙ্গিদের আস্তানা মুছে ফেলতে বাধ্য হয়ে সব বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযানে নেমেছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে উত্তর সিনাই প্রদেশের বির আল আবেদ শহরে একটি মসজিদের কাছে বোমা ও বন্দুক হামলায় ২৩৫ জন লোক নিহত হয়। এরপর প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি কঠোর ভাষায় ঘোষণা করেন যে, তিনমাসের মধ্যে সেখানকার আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, এরজন্য সরকারের যদি আরো কঠোর হতে হয় তবে তারা সেটাই করবেন। সেসময়ের পর থেকে এখনো পর্যন্ত সেখানে সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যকলাপ অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু