নওগাঁ সদর উপজেলার একটি মাঠ থেকে জুয়েল রানা (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল রানা নওগাঁ সদর উপজেলার খৈলশাকুড়ী গ্রামের জাহের আলীর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ওসি তৌরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে খৈলশাকুড়ী মাঠে স্থানীয় লোকজন জুয়েল রানার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, জুয়েল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে জুয়েলের পরিবার থানায় একটি মামলা দায়ের করবে বলে জানিয়েছে। তবে কিভাবে জুয়েলের মুত্যু হয়েছে সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেফাক/কেকে