শনিবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব চন্দ্র বণিককে (৩৫) ঘুমন্ত অবস্থায় দোকান ঘরের মধ্যে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ১৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করেছে দূবৃর্ত্তরা। অভিযোগ করেছে নিহতের স্ত্রী পাখী রাণী বণিক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিপ্লব চন্দ্র বণিক আফাজিয়া বাজারের সততা স্বর্ণ শিপ্লালয়ের মালিক। শনিবার রাতে দোকান বন্ধ করে শিপ্লব ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে দোকান ভিতর থেকে বন্ধ থাকায় পাশের ব্যবসায়ীরা খোজ নিয়ে দেখে দোকানের পিছনের দরজা খোলা এবং দোকনের খাটের ওপর শিপ্লব মৃত অবস্থা পড়ে রয়েছেন।
খবর পেয়ে এএসপি সার্কেল মো. গোলাম ফারুক, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার, ওসি তদন্ত জিসান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় শিপ্লবের স্ত্রী পাখী রানী বণিক কান্না জড়িত কন্ঠে বলেন, 'আমার স্বামীর দোকানে ৭ থেকে ৮ লক্ষ টাকার বন্ধকী স্বর্ণ ছিল এবং দোকানে ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। আমার এক সন্তান। আমি আমার স্বামী হত্যাকারীদের বিচার চাই'।
আরও পড়ুন: মাথা উঁচু করে চলার আহ্বান মঙ্গল শোভাযাত্রায়
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, 'প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে প্রথমে পিছনের দরজা খুলে দুবৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিপ্লব বণিককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পড়ে তার সঙ্গে থাকা দোকানের চাবি নিয়ে সিন্ধুক খুলে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়'।
ইত্তেফাক/জেডএইচডি