শীতলক্ষ্যায় ১৪ ঘণ্টা পর সেলসম্যান রিপনের লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরীরা নিখোঁজ রিপন (৪২) নামে এক কাপড়ের দোকানের সেলসম্যানের লাশ উদ্ধার করেছে। 
 
মঙ্গলবার দুপুরে ডুবুরী দল নদীর তলদেশ থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত রিপন নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া চৌধুরীগাঁও এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন। গত সোমবার রাত ১১টায় কর্মস্থল থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে বন্দর নং খেয়াঘাট দিয়ে যাত্রীবাহী ট্রলারে উঠার সময় নদীতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়। এ ব্যপারে নিহতের আত্বীয়রা জানান, রিপন রাতে বাড়ি না ফেরায় তারা খোঁজ করতে এসে জানতে পারে একজন লোক রাতে নদীতে পড়ে গিয়েছিল। 
 
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, তাদের সকাল ১০টায় সংবাদ দেয়ার পর ডুবুরী দল সকাল ১০টা থেকে নদীতে তল্লাশি অভিযান চালায়। দুপুরে নিহতের লাশ নদীর তলদেশ থেকে উদ্ধার করে। নারায়ণগঞ্জ নৌ-পুলিশ লাশের সুরত হাল রেকর্ড শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। তল্লাশির সময় ঘাটের টোল আদায়কারীরা জনরোষের ভয়ে সরে যায়। 
 
ইত্তেফাক/এমআই