গফরগাঁওয়ে সুদের ১শ টাকা না দেওয়ায় কৃষককে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে সুদের মাত্র ১শ টাকা না দেওয়ায় আজিজুল হক (৬২) নামে এক বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার গফরগাঁও ইউনয়নের জয়নাকান্দা গ্রামে।

নিহতের পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল হকের মেয়ের জামাই  ফরিদ দুই বছর আগে জয়নাকান্দা গ্রামের সোহাগের কাছ থেকে সুদ দেওয়ার কথা বলে এক হাজার টাকা ঋণ নেন। দেড় বছর পর মূল টাকা ও ১’শ টাকা বাদে সুদের বাকি টাকা পরিশোধ করেন। বকেয়া ১শ টাকা সুদ পরিশোধের জন্য সোহাগ ফরিদকে দীর্ঘদিন যাবৎ চাপ সৃষ্টি করে আসছিল। রবিবার সকাল ১১টার দিকে আজিজুল হকের বাড়িতে গিয়ে সোহাগ ও তার বন্ধু লালু (২৬) মেয়ের জামাই সুদের টাকা পরিশোধ না করায় আজিজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ আজিজুল হককে এলাপাথারী কিল ঘুষি মারে। আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী আজিজুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে আনার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে। তার চোখের নীচে আঘাতের চিহ্ন আছে।’

আরও পড়ুনঃ ঘাটাইলে গণপিটুনীতে গরু চোর নিহত

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

ইত্তেফাক/নূহু