কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরের পূজা-মেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুইজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদিনাথ মন্দিরের পশ্চিম পাশে লোকনাথ মন্দিরের সামনে এই গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে এক নারী ও আরেক পুরুষ মারা যান। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এসময় পাশের পরিমল নামের এক মিষ্টির দোকানদারের স্ত্রী অঞ্জলী রাণী দে, ইদুল দে ও নিরব পাল নামের এক শিশু আহত হয়। আহতদের দ্রুত মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সকলেই হিন্দু ধর্মাবলম্বী বলে জানা গেছে।
বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পরিমল নামে ওই মিষ্টির দোকানদারকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসএস