চাটখিলে স্বর্ণ ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার

অপহরণের সাতদিন পর আজ বুধবার ভোরে নোয়াখালী জেলার চাটখিলের অমরপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়ির পাশে ডোবা থেকে স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিতাই দেবনাথ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী। সে দেবীদ্বার উপজেলার নারায়ণ দেবনাথের ছেলে।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লাকসামে তিনজন এবং চাটখিলে দুইজনকে গ্রেফতার করেছে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর খিলপাড়া অঞ্চলে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
 
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি দোকান থেকে বাড়ি ফেরেনি নিতাই। নিতাইয়ের ভাই গোরাঙ্গ দেবনাথ সোমবার লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ গতকাল মঙ্গলবার লাকসাম থেকে তিনজনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী লাকসাম থানার পুলিশ চাটখিলে এসে সেখানকার পুলিশের সহযোগিতায় শংকরপুর গ্রামের নুর আলমের ছেলে লিটন (২৭) এবং ওমরপুর গ্রামের দুলালের ছেলে বেলাল (২৫) কে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
 
লাকসাম থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, তদন্তের স্বার্থে লাকসামের গ্রেফতারকৃত তিনজনের নাম না জানালেও তিনি জানান, প্রেস কনফারেন্স করে বিষয়টি সকলকে জানানো হবে। তবে সংঘটিত ঘটনাটি পরিকল্পিত।
 
ইত্তেফাক/এসএস