গাইবান্ধা সদর উপজেলায় নিখোঁজের ৯দিন পর আখি আক্তার (১৬) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের তিন গাছেরতল সংলগ্ন আয়ান মিয়ার ইটভাটার উত্তর-পূর্ব কোনের টয়লেটের ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আখি আক্তার গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আরশেদুল হক জানান, গত ৫ ফেব্রুয়ারি সকালে আখি আক্তার জামা-কাপড় কেনার জন্য গাইবান্ধা শহরে আসে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর থেকে তার সন্ধানে পুলিশি অভিযান চলতে থাকে।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, স্থানীয় লোকজন লাশটি টয়লেটের ভিতরে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পিতা আক্কাস আলী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এসএস