স্ত্রীর খোঁজে ৬০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি

ভারতের ঝাড়খণ্ড থেকে যাত্রা শুরু করে টানা ২৪ দিন ধরে প্রায় ৬০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে খড়গপুরে এসে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী।  
 
৪২ বছরের মনোহর নায়েকের বাড়ি মুসাবনির বালিগোডা গ্রামে। ওডিশায় দিনমজুরের কাজ করেন। ১৪ জানুয়ারি কুমরাসোল গ্রামে বাপের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন মনোহরের স্ত্রী অনিতা। স্ত্রী দুদিন ধরে ফিরে আসছে না দেখে মুসাবনি ও দুমারিয়া থানায় মিসিং ডায়েরি করেন তিনি। অনিতা মানসিকভাবে অসুস্থ ও ঠিকমতো কথাও বলতে পারেন না। পুলিশ যখন অনিতার খোঁজ পেল না, তখন রাজ্যে রাজ্যে ঘুরে অনিতার খোঁজ করবেন বলে ঠিক করেন মনোহর। 
 
মনোহর বলেন, 'সাইকেল নিয়ে স্ত্রীকে খুঁজতে গ্রামে গ্রামে বেরিয়ে পড়লাম। জানতাম না, কতদূর আমায় যেতে হবে। তন্ন তন্ন করে খুঁজেও স্ত্রীর খোঁজ না পেয়ে খবরের কাগজে নিখোঁজ বিজ্ঞাপন দিই।  সেই বিজ্ঞপণ দেখে কয়েকজন লোক পুলিশে খবর দেন। তারা অনিতাকে খড়গপুরের একটি খাবার দোকানে বসে থাকতে দেখেছিলেন। মুসাবনি থানার অনিতাকে উদ্ধার করে। 
 
ইত্তেফাক/ইউবি