কৃত্রিম নিতম্ব বানিয়ে তার মধ্যে কোকেন ভরে পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পর্তুগালের পুলিশ। বুধবার লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ব্রাজিলের ওই নাগরিক কৃত্রিম নিতম্ব তৈরি করে তার মধ্যে এক কিলোগ্রাম কোকেন ঢুকিয়ে দেন। এরপর তিনি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেম থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বিমানবন্দরে তিনি পর্তুগালের পুলিশের হাতে ধরা পড়েন।
দক্ষিণ আমেরিকা থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে মাদক পাচারের চেষ্টা চালানো হয়। গত মাসে পর্তুগাল এবং স্পেনের পুলিশ দক্ষিণ আমেরিকা থেকে তাজা আনারসের একটি চালান আটক করে যার মধ্যে কোকেন লুকানো ছিল।
ইত্তেফাক/ইউবি