নিজের কর্মফলেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়াকে আওয়ামী লীগ বা সরকারের কেউ জেলে পাঠায়নি। এতিমের টাকা চুরির মামলায় অপরাধী প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
বুধবার সকালে জেলার বিরলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মঙ্গলপুর বাজারে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, খালেদা জিয়ার অপকর্মের ফিরিস্তি অনেক লম্বা। বঙ্গবন্ধুর খুনী ও স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা, জঙ্গিলালন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, লাগামহীন দুর্নীতি আর আগুনে পুড়িয়ে মানুষ মারার কর্মফল পেয়েছেন খালেদা জিয়া। এখানে কারো কিছু করার নাই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সাংবিধানিক ধারায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে চলছে সরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি-মেয়রও বিভিন্ন মামলায় জেলে। কাজেই দুর্নীতি যারা করবে, সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সাথে যারা জড়িত, তাদের বিচার হতেই হবে।
এসময় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি