দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন পাঁচ স্বজন। এ নিয়ে দ্বিতীয় দফায় দেখা করলেন স্বজনরা।
যারা দেখা করেছেন তারা হলেন- খালেদার ছোট ছেলে কোকোর শাশুড়ি মোখলেমা রেজা, খালেদার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগিনা সাজিদ ইসলাম, শাহরিয়ার আখতার ও ভাতিজা মো. আল মামুন। তবে তারা সাংবাদিকদের মুখোমুখি হননি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কর্মকর্তা বলেন, পৌনে ৫টায় তারা কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে দেখা করার জন্য ভেতরে প্রবেশ করেন। বের হন সন্ধ্যা সোয়া ৬টার দিকে। তবে তারা খালেদা জিয়ার জন্য কোন শুকনো খাবার বা অন্য কিছু আনেনি।
উল্লেখ্য, খালেদা জিয়া কারাগারে যাবার পর গত ৯ ফ্রেব্রুয়ারি প্রথম দফায় দেখা করেন তার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে অভিক ইস্কান্দার।
কারাগারে সুস্থ আছেন খালেদা : কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়া ডিভিশনের সকল ধরনের সুবিধা পাচ্ছেন। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। বৃহস্পতিবার বিকালে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইত্তেফাক/ইউবি