গাজীপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ‘গাজীপুর জেলা ইজতেমা’ বৃহস্পতিবার শহরের ভূরুলিয়া তাবলিগ মারকাজ মসজিদ মাঠে শুরু হয়েছে। স্থানীয় তাবলিগ জামাত আয়োজিত এ ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে জেলার বিভিন্ন অঞ্চলের জামাতভূক্ত মুসল্লিসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান শরীক হয়েছেন। শুরুর দিন তাবলিগ জামাতের অন্যতম সূরা সদস্য কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন। 
 
বৃহস্পতিবার বাদ ফজর শ্রীলংকার মাওলানা মোহাম্মদ হারুনের বয়ানের মধ্য দিয়ে গাজীপুর জেলা ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিনি উর্দু ভাষায় বয়ান করেন। তার এ বয়ানের বাংলায় তরজমা করেন ভূরুলিয়া মারকাজ মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজলে এলাহি। এছাড়া বাদ মাগরিব পর্যন্ত বিভিন্ন সময় বয়ান করেন যথাক্রমে বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিস, মাওলানা আবদুল বার, মাওলানা আবদুর রহিম নকিব। আাগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে গাজীপুর জেলা ইজতেমা। 
 
ইত্তেফাক/আরকেজি