গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির স্বাক্ষর জাল করে ভূয়া ডিও লেটার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কাপাসিয়া উপজেলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকা বরাদ্ধ অনুমোদন করিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমপিকে বরাদ্ধ বিষয়ে অবগত করা হলে বিষয়টি সিমিন হোসেন রিমি এমপি স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার দেয়ার বিষয়টি জানতে পারেন। তিনি বৃহস্পতিবার কাপাসিয়ার ডাকবাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিও লেটার (স্মারক নং ৩২২) সূত্রে জানা যায়, গত ০৮/০৯/২০১৭ তারিখে সিমিন হোসেন রিমি এমপির স্বাক্ষর জাল করে গত ১৬/০১/২০১৮ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন পত্র জমা দেয়া হয়। স্বাক্ষর জালকারী প্রতিষ্ঠান হলো উপজেলার বীরউজলী উচ্চ বিদ্যালয়, আড়ালিয়া উচ্চ বিদ্যালয়, কপালেশ্বর উচ্চ বিদ্যালয়, সোহাগপুর আলীম মাদরাসা, চরদুর্লভ খা মনিরুল উলুম মাদরাসা, টোকনগর দারুল হালিম মাদরাসা, ইসলাম তাজ বালিকা মাদরাসা, সুলতানপুর মামনিয়া বালিকা দাখিল মাদরাসা, দিঘাব আঞ্জাবীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা, আড়ালিয়া কেরামতিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটির প্রধান তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করলেও সকলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ইত্তেফাক/আরকেজি