ডাকাতের হামলায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: মোস্তাফা (৩০)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়ার পাঠাননগরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এম এম মোর্শেদ জানান, রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত নুরুল হক বলি মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ঘরের প্রধান কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে চার ডাকাত প্রবেশ করে। ডাকাতরা ঘরে থাকা লোকজনের কাছ থেকে স্বর্ণ-গয়না লুটে নেয়।
এ সময় ওই গৃহকর্তার মেয়ের জামাতা মো. মোস্তফা বাধা দিলে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাকাতদের আঘাতে নিহত মোঃ মোস্তফা’র শ্বশুর হিরো মিয়া, শাশুড়ী সাহেনা আক্তার, স্ত্রী তাহমিনা আক্তার নিপু, সালিকা তানজিনা আক্তার শিপু আহত হন।
নিহত মোস্তফা ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মনির আহাম্মদের ছেলে। তার একটি মেয়ে সন্তান রয়েছে। গত কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন তিনি।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। ডাকাতির ঘটনায় সন্ধেহজনকভাবে নিপুর জেঠাতো ভাই সোহরাব হোসেন, পিতা মোঃ আমিনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
ইত্তেফাক/নূহু