রায়ের সার্টিফায়েড কপি পাইনি

এই সরকারের লক্ষ্য খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা :ফখরুল

গণতন্ত্র ধ্বংস হতে চলেছে দাবি করে দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকারের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দল, সব প্রতিষ্ঠান, সংগঠন, গণতান্ত্রিক শক্তি এবং সুশীল সমাজের প্রতি অনুরোধ জানাব আপনারা  সবাই ঐক্যবদ্ধ হোন। সরকারের উদ্দেশে তিনি বলেন, অত্যাচার নির্যাতন নিপীড়ন করে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারে না। যাদের এভাবে ক্ষমতায় যেতে হয়েছে বা থেকেছে তাদের ফল কিন্তু সুখকর হয়নি। অনুরোধ করব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষের মন বোঝার চেষ্টা করুন। অবিলম্বে খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তি দিন।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দিচ্ছে না সরকার। গতকাল (বুধবার) আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার কথা ছিল। আমাদের দুপুর ১টার মধ্যে কর্মসূচি শেষ করতে বাধ্য করা হলো।  সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা একদিকে বলছেন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবেন না। তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশের অনুমতি চাইব। আমরা শিগগিরই করব। আশা করি কর্তৃপক্ষ অনুমতি দেবেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু