ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল রুনা আক্তার (১৬) নামের এক দশম শ্রেণির ছাত্রী। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহি গ্রামের মো. আলী আকবরের মেয়ে ও বাদেপুটিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। 
 
জানা গেছে, রুনাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার পার্শ্ববর্তী মহিষবেড় গ্রামের এক যুবকের কাছে বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ ধার্য করে। শুক্রবার সকাল থেকেই কনের বাড়িতে ধুমধামের সাথে বিয়ের আয়োজনও চলছিল। কিন্তু বাধ সাধেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।
 
তিনি খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেন। এ সময় কনের মা হেলেনা ও কনের চাচা হাফেজ মো. আবু হানিফের কাছ থেকে মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেখা নেন।
 
ইত্তেফাক/এমআই