পাকিস্তানে শিশু জয়নাব হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে শনিবার। দেশটির সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) এই রায় দেয়া হবে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর দ্য ডন ও জিও টিভির।
প্রতিবেদনগুলোতে বলা হয়, বৃহস্পতিবার আদালতে দুই পক্ষই তাদের তথ্য-প্রমাণ জমা দিয়েছেন। কোত লাখপাত জেলেই এই শুনানি অনুষ্ঠিত হয়। সেখানেই বন্দি রয়েছেন প্রধান অভিযুক্ত ইমরান আলি। এই ঘটনায় জয়নাবের চাচা ও ভাইসহ মোট ৫৬ জন স্বাক্ষ্য দেন। প্রসিকিউটর জানান, ফরেন্সিক রিপোর্ট ও পলিগ্রাফিক পরীক্ষায়ও প্রমাণ হয়েছে, ইমরানই জয়নবকে হত্যা করেছে।
বুধবার এটিসিতে ৯ ঘণ্টার দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সন্দেহভাজন ও স্বাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়। অভিযুক্তের ব্যক্তিগত উপদেষ্টা বিচারককে জানান, ইমরানকে বড় অপরাধী হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। কারণ প্রথমদিন থেকেই সে নিজের অপরাধ স্বীকার করে আসছে।
চলতি বছরের ৪ জানুয়ারি ক্লাস শেষে ফেরার পথে নিখোঁজ হয় পাঞ্জাবের কাসুরের সাত বছরের শিশু জয়নাব আনসারি। বাবা-মা সৌদিতে ওমরাহ পালনে যাওয়ায় কয়েক দিনের জন্য খালার বাড়িতে থাকা শিশুটির মরদেহ ৯ জানুয়ারি শহরের একটি আবর্জনার স্তুপে পাওয়া যায়। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায় ধর্ষণের পর হত্যার শিকার হয় জয়নাব। জয়নাবের মৃত্যুতে শুরু হয় বিক্ষোভ। কাসুরের বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন নিহত হলে পাকিস্তানের বিভিন্ন শহরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/ইউবি