চেকপোস্টে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার এসআই আবদুল মালেককে (৩৮) গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এই পুলিশ কর্মকর্তার হাঁটুর দুই ইঞ্চি উপরে এক রাউন্ড গুলি লেগেছে।  শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া ইত্তেফাককে জানান, দুই নম্বর গেট মোড় আর ষোলশহর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময এসআই মালেকের হাঁটুর ওপরে গুলি লাগে। ডাক্তারদের পরামর্শে তাকে এক্সরে করার পর জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি