আদালতই পারে খালেদাকে মুক্তি দিতে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন আর সন্ত্রাস দিয়ে নয়, একমাত্র আদালতই পারে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। আন্দোলন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না। আর বিএনপি যদি ভাবে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় ৩ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
 
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য।
 
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন এমপি। বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি