জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১, আহত ১০

জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত এবং ১০জন আহত হয়েছেন। আহত ২জনকে ঢাকা পিজি হাসপাতালে এবং ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল অনুচন্দ গ্রামে।
 
জানা যায়, ওই গ্রামের রাজা মিয়া জিম্মাদার ও লন্ডন প্রবাসী জিবিছ আহমদ জিম্মাদারের মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত আবারক মিয়া জিম্মাদারের ছেলে সফু মিয়া জিম্মাদার (৪০) নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ফজলু মিয়া জিম্মাদার (৫৫) তার ছেলে কলেজপড়ুয়া ছাত্র সোহাদ মিয়া জিম্মাদারকে (২৫) আশংকাজনক অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
অন্যান্য আহত গুলিবিদ্ধ সোহেল মিয়া জিম্মাদার (২৪), লিপন মিয়া জিম্মাদার (২৮), রেজুয়ান মিয়া জিম্মাদার (২৩), জুয়েব মিয়া জিম্মাদার (২২), সুরুক মিয়া জিম্মাদার (৬৫), জাকারিয়া আহমদ জিম্মাদারকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আজিদ মিয়া জিম্মাদার (৬০) ও সিএনজি অটো রিকশাচালক অকিল সরকার (২৮), আব্দুস সামাদ চৌধুরী (৫৮), কিবরিয়া আহমদকে (২০) সংঘর্ষে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ আটক করেন। 
 
ইত্তেফাক/আরকেজি