লক্ষ্মীপুরের সাংবাদিক শাহ মনির পলাশের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যস্ত ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এম,আর সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মা মাটি মানুষ পত্রিকার সম্পাদক সাংবাদিক সফিউল আজম জুয়েল, ক্লাবের সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলাল, সাবেক সম্পাদক কামাল উদ্দিন ও মোহনা টিভির প্রতিনিধি নাজিম উদ্দিন রিয়াদ প্রমুখ।
মানববন্ধন থেকে সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্বে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করার দাবী জানান। দাবী পূরণ না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, গত বুধবার সকালে উপজেলার মাছিমনগর জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। পরেরদিন বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদী হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। তিন আসামির মধ্যে ফয়েজুন নেছা গ্রেফতার হয়েছেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এসএস