মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর-ভবানন্দপুরে সড়ক সড়ক দুর্ঘটনায় আল মামুন (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আল মামুন মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের মৃত আলীম শেখের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী আল মামুন তিন মাসের ছুটি নিয়ে দেশে ফেরে। সকালে নিজের মোটর সাইকেলে করে মেহেরপুর আসার পথে ঘটনার সময় এক পাগলকে বাঁচাতে গিয়ে তিনি গাছের সাথে ধাক্কা খান। এতে তিনি মাথায় বড় ধরনের চোট পান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।
 
মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে যদি কোন অভিযোগ দেয় তবে তা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসএস