ভ্যালেন্টাইনস ডে এবার সৌদি আরবেও

সৌদি আরবেও এ বছর ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। কাগজে কলমে সৌদিতে ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ হলেও, সে আইন এখন অনেকটাই শিথিল। সৌদি আরবের এক আলেম বলেছেন, ভালোবাসা দিবস কোনো হারাম কিছু নয়। চলতি বছর পরিবর্তনের যে হাওয়া সৌদি আরবে বইছে, এ যেন তারই আরেক দৃষ্টান্ত।
 
সৌদি আরবে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উদ্যোগে চলা সংস্কারের অংশ হিসেবে ‘ধর্মীয় পুলিশের’ (মতোয়া) ক্ষমতা কমিয়ে ফেলা হয়। এখন পুলিশ ধর্মীয় অনাচারের জন্য নাগরিকদের সরাসরি গ্রেফতার করতে পারবে না।
 
এবারের ভালোবাসা দিবসে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় প্রশাসনের কোনো বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা গত বছরেও ছিল না। বিভিন্ন গিফটের দোকানও খোলা থাকতে দেখা যায়। সৌদি ছেলে মেয়েরা শহর থেকে দূরে বিচ, মরুভূমি, মার্কেট ও ইসতারায় গিয়ে দিবসটি উপভোগ করে।
 
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান আহমেদ কাসিম আল গামদি বলেন, ভ্যালেন্টাইনস ডে একটি ইতিবাচক সামাজিক আচার। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই। ভ্যালেন্টাইনস ডে একটি সামাজিক ইস্যু, জনগণ এটা উদযাপন করতেই পারে; এটা হারাম কিছু নয়।
 
আহমেদ আল কাসিম নামে একজন আরব নিউজকে বলেন, ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদযাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে। ধর্মীয় দিক থেকে ভালোবাসা দিবস পালনের অনুমতি রয়েছে।
 
ইত্তেফাক/কেআই