ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘এদেশের এতিমের হক যারা মেরে খায় তাদের শরীরে বাংলার বিশ্বাসঘাতক মীর জাফরের প্রেতাত্মা রয়েছে। প্রেতাত্মারা আইনের চোখকে ফাঁকি দিতে পারেনি। এতিমের টাকা মেরে খাওয়া ও দুর্নীতির জন্য কারো কারো পাঁচ বছর, দশ বছর জেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজ শনিবার সকালে ঈশ্বরদীর আলহাজ্ব ক্যাম্প সংলগ্ন ‘শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের’ ফলক উন্মোচন করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী শরীফ এসময় ঈশ্বরদীতে চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স-এর ঘোষণা দিয়ে বলেন, মাদক সেবীরা বেশিদিন বাঁচে না। তিনি মা, বাবা, আত্মীয়স্বজন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় ছেলেমেয়েদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করার ব্যবস্থা গ্রহন করে তাদেরকে মাদক থেকে দূরে রাখার পরামর্শ দেন। এসময় মন্ত্রী প্রত্যেকের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে দেওয়া, শরীর চর্চা ও খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ প্রজন্মের ছেলেমেয়েদের আমাদের বাংলা ভাষার ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে শিক্ষা দিতে হবে। মন্ত্রী বলেন, একুশ বাঙালি জাতির হৃদয় ও মননে বাঙালি জাতীয়তাবোধ চেতনার উন্মেষ ঘটিয়েছিল। ১৯৫২ সালের ঊষালগ্নে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিনকার আন্দোলনরত রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেককে পাকিস্তানি শাসক গোষ্ঠী গুলি করে হত্যা করে। সেদিন থেকেই বাংলা ভাষা একটি মাইলফলক হয়ে আছে।
ইত্তেফাক/এমআই