গৌরীপুরে ছাত্রলীগের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে হামলার জের ধরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ৫জন আহত হয়েছেন। উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলার করার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকতাদির খান পাঠান তুষারের উদ্যোগে বৃহস্পতিবার কৃষ্ণপুর গ্রামে ছাত্রলীগের অফিস উদ্বোধনের পর সংগীতানুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শুরুর পর ছাত্রদলনেতা জাহিদ ও তার বন্ধুরা গানের আসরে গিয়ে হৈ-হুল্লোড় শুরু করেন।
তুষারের সাথে তাদের বাক-বিতণ্ডা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গানের আসর পণ্ড হয়ে যায়। এসময় সংঘর্ষ ও ছুটাছুটি করতে গিয়ে আহত হন তুষার, জাহিদ, দীন ইসলাম, সিয়ামসহ ৫জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তুষার বলেন, আমাদের গানের আসর পণ্ড করতেই ছাত্রদল নেতা জাহিদ ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে। হামলায় আমি ডান চোখে আঘাত পেয়েছি। এসময় তারা আমার ব্যক্তিগত কার্যালয়ের থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
ছাত্রদল কর্মী জাহিদ হাসান বলেন, আমরা গানের আসরে হামলা ও ভাঙচুর করিনি। শুক্রবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে গানের অনুষ্ঠানে গেলে পূর্ব বিরোধের জের ধরে তুষারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এরপর আমাদের বাড়ি-ঘরেও হামলা চালায় তার লোকজন। নিজের দোষ আড়াল করতে এখন তুষার আমাদের ওপর হামলা ও ভাঙচুরের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমদ বলেন, গানের আসরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি