ভারত-দ:আফ্রিকা উভয়ের লক্ষ্যই জয় দিয়ে শুরু

টেস্ট ও ওয়ানডে লড়াই শেষে আগামীকাল থেকে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ প্রোটিয়ারা জিতলেও, ওয়ানডেতে দাপট দেখিয়ে জয়ের স্বাদ নিয়েছে টিম ইন্ডিয়া। এবার উভয় দলেরই লক্ষ্য জয় দিয়ে সংক্ষিপ্ত ভার্সন শুরু করা। জোহানেসবার্গে আগামীকাল প্রথম টি-২০ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। 
 
নিজেদের কন্ডিশন ও অতীত রেকর্ড বিবেচনায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট হিসেবেই শুরু করে দক্ষিণ আফ্রিকা। ফেভারিটের তকমাটা প্রথম দু’ম্যাচেই প্রমাণ দেয় প্রোটিায়ারা। ৭২ ও ১৩৫ রানের ব্যবধানে সিরিজের প্রথম দু’টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। 
 
এরপর জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্টে ঠিকই জয় তুলে নেয় ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর লজ্জা থেকে রক্ষা পায় বিরাট কোহলির দল। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডেতে রুদ্ধ মূর্তি ধারণ করে ভারত। রঙ্গীন পোশাকে সীমিত ওভারের ম্যাচে প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দঁাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া। ফলে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভারত। তবে চতুর্থ ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়কে বিলম্বিত করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পঞ্চম ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে ভারত। এরপর ষষ্ঠ ও শেষ ওয়ানডেও জিতে নেয় তারা। পুরো সিরিজে তিন সেঞ্চুরিতে ৫৫৮ রান করে বিশ্বরেকর্ডের মালিক হন কোহলি। 
 
ওয়ানডে সিরিজ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারত। এই বিশ্বাসকে পুঁজি করেই টি-২০ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘টেস্ট সিরিজ হারের পর আমাদের মনোবলে ছেদ পড়েছিলো। তবে আমরা দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছি। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে সতীর্থরা। বিশেষভাবে বোলাররা যেভাবে পারফরমেন্স করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে নেমেই চমক দেখিয়েছে দুই স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্রা চাহাল। পুরো সিরিজে কুলদীপ ১৭ ও চাহাল ১৬ উইকেট নেন। এছাড়া শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি ভালো ব্যাটিং করেছে। আশা করবো টি-২০ সিরিজেও দল এভাবে পারফরমেন্স করবে।’
 
ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলে টি-২০তে ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমাদের খেলায় ছন্দপতন ঘটেছে। পারফরমেন্স করতে আমরা সকলেই ব্যর্থ হয়েছি। তবে টি-২০ সিরিজে দল ভালো করবে বলে আমার বিশ্বাস। এই সিরিজ দিয়েই আমরা আবারো জয়ের ধারায় ফিরতে চাই।’
 
এদিকে, এক বছর পর আবারো ভারতের জার্সি গায়ে দেয়ার সুযোগ ঘটেছে বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার। গেল বছরের পহেলা ফেব্রæয়ারিতে ভারতের জার্সি গায়ে সর্বশেষ আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি। বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঐ টি-২০ ম্যাচে ৪৫ বলে ৬৩ রান করেন রায়না। তারপরও দল থেকে বাদ পড়তে হয় তাকে। ভারতের হয়ে এখন পর্যন্ত ৬৫ ম্যাচের ৫৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ১৩০৭ রান করেছেন রায় না। বাসস।
 
ইত্তেফাক/ রেজা