বেতন গ্রেড অবনমনের অভিযোগ এনে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) কর্মচারীরা রবিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। গ্রেড আপগ্রেড এবং নিয়ম অনুযায়ী ওভারটাইম নিশ্চিতসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডেসকোর প্রধান কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা। কার্যালয়ের ভেতরে ও বাইরে ওই কর্মসূচির কারণে ঢাকার উত্তর অঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
ডেসকো শ্রমিক কর্মচারী লীগের ব্যানারে অনুষ্ঠিত ওই অবস্থান কর্মসূচিতে সংস্থাটির কর্মীরা বলেন, কোম্পানিটিতে কর্মকর্তাদের পদায়ন-পদোন্নতি অব্যাহত থাকলেও ১৩ বছর ধরে কর্মচারীদের পদোন্নতি দেয়া হচ্ছে না। বরং অনেককে নিচের গ্রেডে পদায়ন করা হচ্ছে। ডিপ্লোমা প্রকৌশলীদেরকেও ব্লক পোস্ট দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে। গ্রেড ১১ থেকে ১৪ পর্যন্ত কর্মচারীদের এক গ্রেড নিচে নামিয়ে দেয়া হয়েছে। কিন্তু তাদেরকে দিয়ে আগের কিংবা উপরের গ্রেডের কর্মীদের কাজ করিয়ে নিচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটি অনৈতিক ও অন্যায়।
এদিকে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সহিদ সারওয়ার বলেন, কর্মচারীদের দাবি ও যুক্তিগুলো আমরা শুনেছি। অর্গানোগ্রাম অনুযায়ী দাবি বাস্তবায়ন করা হয়েছে। তবে তাদের কিছু দাবি বাস্তবায়ন করতে হলে অর্গানোগ্রাম পরিবর্তন করতে হবে। সেটি কিভাবে করা যায়, তার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি